
বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৫০ থেকে ২০০ সদস্যের একটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করেছে। ২০০৮ সালের পর এটিই হবে ইইউর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার মঙ্গলবার ঢাকায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই তথ্য জানান। তিনি বলেন, কিছু পর্যবেক্ষক ভোটের ছয় সপ্তাহ আগে এবং বাকিরা ভোটের এক সপ্তাহ আগে বাংলাদেশে আসবেন।
বৈঠকে নির্বাচন প্রস্তুতি, সাংবিধানিক ও শ্রম আইন সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, বাণিজ্য, বিনিয়োগ এবং মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত নির্বাচন কমিশনকে অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইইউর অব্যাহত সহায়তার আশ্বাস দেন।













