মেলিলা সীমান্তে শত শত অভিবাসীর সঙ্গে মরক্কোর পুলিশের সংঘর্ষ
- আপডেট সময় : ০৮:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ৫২৪ বার পড়া হয়েছে
মরক্কো ও স্পেন-শাসিত মেলিলা সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়েছে। শনিবার শত শত অনিয়মিত অভিবাসী স্পেনের স্বায়ত্তশাসিত ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টা করলে মরক্কোর নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সীমান্ত এলাকায় অভিবাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের দৃশ্য দেখা গেছে। মরক্কোর সংবাদমাধ্যম হিবাপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত চৌকি জোরপূর্বক অতিক্রমের চেষ্টা থেকেই পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। এ ঘটনায় অন্তত ৫০ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।
পরপর গণহারে সীমান্ত পার হওয়ার চেষ্টার কারণে মরক্কোর বেনি আনসার শহর ও মেলিলার মধ্যকার বেনি আনসার সীমান্ত ক্রসিং টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। এতে সীমান্ত দিয়ে চলাচলকারী যাত্রীদের পাশাপাশি বিদেশ থেকে দেশে ফেরা মরক্কোর প্রবাসীরাও দুর্ভোগে পড়েছেন।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোতে সেউতা হয়ে মরক্কোতে প্রবেশ করা প্রায় ৬০ হাজার মানুষের মধ্যে শুক্রবার বিকেল পর্যন্ত ৪৮ হাজার ৩০০ জন ফিরে গেছেন। এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সেউতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে সাগরে ডুবে কয়েকজন অভিবাসীর মৃত্যু হয়েছে। সীমান্ত বেড়ার কাছেও পদদলিত হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। স্পেনের অংশে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
গত কয়েক দিনে ইউরোপে প্রবেশের আশায় হাজার হাজার মানুষ মরক্কোর উত্তরাঞ্চলে সেউতা ও মেলিলা সীমান্তে জড়ো হয়েছেন। উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ অনিয়মিত পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন তারা। সেউতা ও মেলিলা মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত স্পেনের দুটি স্বায়ত্তশাসিত ছিটমহল। আফ্রিকা মহাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসীমান্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই এই দুটি অঞ্চল অনিয়মিত অভিবাসন সংকটের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।
















