‘প্রতিবন্ধীদের করুণা নয়, অধিকার ও মর্যাদা দিতে হবে’: ডিসি ফরিদা

- আপডেট সময় : ০৩:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ৫৪৩ বার পড়া হয়েছে
প্রতিবন্ধিতা যেন কোনো মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়—সে জন্য সমাজের সব পর্যায়ে সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। মঙ্গলবার ৪ আগস্ট ঢাকা জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশীজন সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়ন তখনই অর্থবহ ও টেকসই হয়, যখন উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বিচ্ছিন্ন কোনো অংশ নন; তারা দেশের নাগরিক এবং উন্নয়নযাত্রার অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন করুণা নয়, অধিকার; অনুকম্পা নয়, সমান সুযোগ এবং দয়া নয়, মর্যাদা।
তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। সভার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ফরিদা খানম বলেন, মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত দুই বছরব্যাপী প্রকল্পে সংশ্লিষ্ট সংগঠনগুলোর উদ্যোগ প্রশংসনীয়। সিএসআইডি, সুইড বাংলাদেশ, বি-স্ক্যান, আমডা বাংলাদেশ এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও ক্ষমতায়নে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
সভায় উপস্থাপিত সচিত্র প্রতিবেদন, অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও সুপারিশকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত তাদের বাদ দিয়ে নয়, বরং তাদের সম্পৃক্ত করেই নিতে হবে। কারণ তাদের সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনা সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা তারাই দিতে পারেন। তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সংবিধান, আইন ও নীতিমালায় সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তবে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।
সার্বজনীন প্রবেশগম্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, গণপরিবহন, ফুটপাত ও বিনোদনকেন্দ্রসহ সব জনসাধারণের ব্যবহারের স্থাপনা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজে ব্যবহারযোগ্য করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাজের সব মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা গেলে প্রতিবন্ধী ব্যক্তিরাও তাদের সক্ষমতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


























