চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ৫০ শয্যার আধুনিক মেডিকেল সেন্টার

- আপডেট সময় : ০৭:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ৫২২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫০ শয্যাবিশিষ্ট আধুনিক মেডিকেল সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় লিখিত বক্তব্যে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান স্বাস্থ্যসেবা আরও উন্নত ও আধুনিক করতে ৫০ শয্যার মেডিকেল সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন। প্রস্তাবিত মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি চিকিৎসাসেবা পরিচালনার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শুধু শয্যা সংখ্যা বাড়ানো নয়, চিকিৎসাব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে প্রয়োজনীয় অবকাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হবে। উপাচার্যের আশা, ৫০ শয্যার এই মেডিকেল সেন্টার বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবার পরিধি যেমন বাড়বে, তেমনি দ্রুত ও আধুনিক চিকিৎসা পাওয়ার সুযোগও তৈরি হবে। ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে উন্নত স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়ে প্রশাসনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।





























