বন্যায় বিপর্যস্ত নেপাল, দেশে ফেরার অপেক্ষায় অপু বিশ্বাস

- আপডেট সময় : ০৩:১৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ৫১৩ বার পড়া হয়েছে
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ পর্যটক। তাদের মধ্যে ২৯১ জনই বিদেশি নাগরিক। বুধবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক। আরও ১১১ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে নেপালের স্থানীয় নাগরিকদের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নেপালে আটকা পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিম। তবে তারা সবাই বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস জানান, তিনি ও ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালের পোখারায় নিরাপদে রয়েছেন। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে সড়ক ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি ঠিক হতে প্রায় এক মাস সময় লাগতে পারে বলেও জানতে পেরেছেন তারা।
অপু বিশ্বাস জানান, তাদের গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এরপর শুক্রবারের ফ্লাইটে ঢাকা ফেরার কথা রয়েছে। ভক্তদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, তার জন্য যেন কেউ চিন্তা না করেন। বরং নিরাপদে দেশে ফিরে সন্তানের কাছে যেতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ। এ ছাড়া সিনেমাটিতে পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে অভিনয় করছেন।
এদিকে নেপালের বিভিন্ন এলাকায় বন্যা ও দুর্যোগের কারণে যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে চলছে অভিযান। ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ প্রায় ৪০০ পর্যটকের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।




























