স্থানীয় নির্বাচন নিয়ে মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক আজ

- আপডেট সময় : ১০:০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৬ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরা অংশ নেবেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন আয়োজনের বিভিন্ন প্রস্তুতি ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের বিষয়গুলো বৈঠকে আলোচনায় আসতে পারে। বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ ডাক বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিদেরও বৈঠকে থাকার জন্য বলা হয়েছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের কথা রয়েছে। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের শূন্য আসনের নির্বাচন নিয়েও প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশন গত ১০ সেপ্টেম্বর এ আসনের নির্বাচনের সময়সূচি প্রকাশ করেছে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন স্তরের জন্য ২০২৬ সালের আচরণবিধিও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি নিয়ে ইসির পৃথক প্রজ্ঞাপন রয়েছে। আজকের বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয়ের বিষয়গুলো আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
















