ঝিনাইদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৮:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ৫৪১ বার পড়া হয়েছে
ঝিনাইদহ শহরের সায়াদাতিয়া সড়কসহ বিভিন্ন পাড়া-মহল্লায় জলাবদ্ধতা নিরসন, সরকারি খাল পুনরুদ্ধার, খাল খনন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং নতুন ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই ২০২৬) বিকেল ৪টায় ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সায়াদাতিয়া সড়ক, সিদ্দিকিয়া সড়ক, বদরউদ্দিন সড়ক, গণি মাস্তান সড়ক, উপশহর এলাকাসহ শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় সামান্য বৃষ্টিতেই ঘরবাড়ি ও সড়ক পানিতে তলিয়ে যায়। এতে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।
বক্তারা আরও অভিযোগ করেন, প্রতিবছর পৌরবাসী কোটি কোটি টাকা পৌরকর পরিশোধ করলেও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। বর্ষা মৌসুমে ড্রেন পরিষ্কারের পর কাদা সড়কে ফেলে রাখায় চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। ঝিনাইদহ কেন্দ্রীয় কবরস্থানসহ বিভিন্ন এলাকাও জলাবদ্ধতায় আক্রান্ত হয় বলে তারা উল্লেখ করেন।
তারা দ্রুত সরকারি খাল পুনরুদ্ধার, খাল খনন, বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং নতুন ড্রেন নির্মাণের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ পৌরসভা ঘেরাও করা হবে বলে ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তব্য দেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আবুল বাসার, সহ-সভাপতি আবদুল ছবুর হোসেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না, প্রচার সম্পাদক আল মিরাজ, সহ-প্রচার সম্পাদক ইনজামুল হক, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, সাংবাদিক আসাদ মণ্ডল ও সাংবাদিক সুরুজ বাঙালী। এছাড়াও সংগঠনের সদস্য সোহাগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন এছাড়াও ভুক্তভোগী নারীরাও অংশ নেন।



























