গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে সাড়ে ৫ মাস পর নেপালে ফিরলেন দেউবা
- আপডেট সময় : ১১:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ৫৬০ বার পড়া হয়েছে
দুর্নীতি ও অর্থপাচারের তদন্তের মধ্যে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর নেপালে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের প্রবীণ নেতা শের বাহাদুর দেউবা। বৃহস্পতিবার চিকিৎসা শেষে রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ৮০ বছর বয়সী এই নেতা। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেন শত শত সমর্থক। বাদ্যযন্ত্র বাজিয়ে ঐতিহ্যবাহীভাবে তাকে অভ্যর্থনা জানান তারা। দেউবাও হাত নেড়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালে তরুণদের জেন-জি আন্দোলনের সময় দেউবার বাসভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়। ওই ঘটনায় দেউবা ও তার স্ত্রী আরজু রানা দেউবা গুরুতর আহত হন। দেউবার মাথায় গভীর ক্ষত তৈরি হলে ১২টি সেলাই দিতে হয়।
প্রথমে নেপালের সামরিক হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গত ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরে যান তিনি। পরে অবস্থান করেন হংকংয়ে। এদিকে, দেউবা বিদেশে থাকাকালে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করে নেপালের অর্থপাচার অনুসন্ধান বিভাগ। গত এপ্রিল মাসে একটি আদালত দেউবা ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
তাদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত প্রমাণ না থাকায় সেই আবেদন প্রত্যাখ্যান করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে দেউবা দম্পতি গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন। আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে আপাতত তাদের গ্রেফতার না করার নির্দেশ দেন।
এদিকে জুন মাসে দেউবা তদন্ত সংস্থাকে চিঠি দিয়ে দুই মাসের মধ্যে দেশে ফিরে তদন্তে সহযোগিতার কথা জানান।রাজনৈতিকভাবেও তার এই প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ। শুক্রবার থেকে কাঠমান্ডুতে শুরু হচ্ছে নেপালি কংগ্রেসের তিন দিনের জাতীয় সম্মেলন। সম্মেলনে যোগ দিতেই দেউবার এই দেশে ফেরা বলে জানা গেছে।
নেপাল পুলিশের মুখপাত্র জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশের কারণে আপাতত দেউবাকে গ্রেফতার করা যাচ্ছে না। তবে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার নিরাপত্তায় পুলিশ মোতায়েন থাকবে। চিকিৎসা, তদন্ত, গ্রেফতারি পরোয়ানা এবং রাজনৈতিক প্রত্যাবর্তন—সব মিলিয়ে দেউবার দেশে ফেরা নেপালের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
















