২০ বছর পরের গল্প নিয়ে ফিরছে ‘থ্রি ইডিয়টস’

- আপডেট সময় : ১২:০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৫ বার পড়া হয়েছে
বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে বড় সুখবর দিয়েছেন নির্মাতা রাজকুমার হিরানি। তিনি জানিয়েছেন, সিক্যুয়েলে প্রথম সিনেমার মূল অভিনয়শিল্পীরাই থাকছেন। তবে সিনেমাটির গল্প ও চিত্রনাট্যের কাজ এখনো চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরানি জানান, তার দল বর্তমানে গল্প নিয়ে কাজ করছে। চিত্রনাট্য নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার পরই তারা সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে এগোবেন।
পরিচালকের ভাষ্য, গল্প লেখা এখনো চলছে। সঠিক পর্যায়ে পৌঁছানোর পরই সিনেমাটি নিয়ে বিস্তারিত জানানো হবে। তবে অভিনয়শিল্পীদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না—এ বিষয়টি স্পষ্ট করেছেন তিনি। ‘থ্রি ইডিয়স ২’-এর গল্প নিয়েও মজার তথ্য দিয়েছেন হিরানি। তিনি জানান, শুরুতে তারা অন্য একটি সিনেমার জন্য সম্পূর্ণ ভিন্ন একটি গল্প লিখছিলেন। পরে তাদের মনে হয়, সেই গল্পটিই ‘থ্রি ইডিয়টস’-এর চরিত্রগুলোর জীবনের পরবর্তী অধ্যায়ের সঙ্গে দারুণভাবে মিলে যাচ্ছে।
তবে এবারের গল্পে কলেজজীবনের দিনগুলোতে ফিরে যাওয়া হবে না। বরং প্রথম সিনেমার ঘটনার প্রায় ২০ বছর পর র্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনে কী ঘটছে, সেটিই তুলে ধরা হবে। প্রথম ‘থ্রি ইডিয়টস’-এ আমির খান, আর মাধবন ও শারমান জোশী তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন কারিনা কাপুর ও বোমান ইরানিও।
তাই হিরানির নতুন ঘোষণায় ভক্তদের প্রত্যাশা আরও বেড়েছে। প্রিয় চরিত্রগুলোকে আবারও একই অভিনয়শিল্পীদের মাধ্যমে পর্দায় দেখার সুযোগ মিলবে—এমন আশাই করছেন দর্শকরা। তবে আপাতত অপেক্ষা করতে হচ্ছে চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার জন্য। কারণ নির্মাতা জানিয়েছেন, গল্প ও চিত্রনাট্য পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে চূড়ান্তভাবে কিছু বলা হবে না।

















