মাগুরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:২৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪৯ বার পড়া হয়েছে
মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১ আসনের এমপি জনাব মোঃ মনোয়ার হোসেন খান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা জনাব মোতাকাব্বীর আহমেদ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এছাড়াও অনলাইন ও অফলাইন জুয়া প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা উপস্থিত ছিলেন। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করেন এবং মাগুরা জেলা পুলিশের গৃহীত ও চলমান কার্যক্রম, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত কার্যকর উদ্যোগসমূহ তুলে ধরেন।
মাগুরা জেলা পুলিশ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও জুয়া প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ।
আইন-শৃঙ্খলা রক্ষায় মাগুরা জেলা পুলিশ সর্বদা সচেষ্ট।













