মাগুরায় নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট সময় : ০৯:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ৫৬৫ বার পড়া হয়েছে
মাগুরায় নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উদযাপন উপলক্ষে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং জেলা জাসাসের আহ্বায়ক এ্যাডভোকেট আ.ন.ম. কাজী সিরাজ উদ্দিন মিহির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর সভাপতি ভারপ্রাপ্ত কাজী মিনহাজ উদ্দিন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সাহিত্য ও সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ সংস্কৃতি ও সাহিত্যচর্চা মানুষের মননশীলতা বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করা প্রয়োজন।
এ সময় পুলিশ সুপার নিজেও কবিতা আবৃত্তিতে অংশ নেন। তাঁর প্রাণবন্ত আবৃত্তি উপস্থিত অতিথি ও দর্শকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।
আয়োজকরা জানান, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর ৫২ বছরের পথচলা মাগুরার সাংস্কৃতিক অঙ্গনে একটি গৌরবময় অধ্যায়। ভবিষ্যতেও সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।













