প্রেমের বিয়ের জেরে তরুণী অপহরণ

- আপডেট সময় : ১০:১৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪৪ বার পড়া হয়েছে
ভারতের বেঙ্গালুরুতে পরিবারের অমতে প্রেমিককে বিয়ে করায় ২১ বছর বয়সী এক তরুণীকে পরিবারের পাঠানো চার ব্যক্তি অপহরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। তাকে নিয়ে পালানোর সময় বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় ছয়জন আহত হয়েছেন।
বুধবার বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের তথ্যমতে, রাজস্থানের মেলওয়াস গ্রামের বাসিন্দা পূজা প্রায় নয় মাস আগে ২৩ বছর বয়সী প্রেমিক ওম প্রকাশকে বিয়ে করেন। পরে তারা বেঙ্গালুরুতে চলে গিয়ে আগ্রহারা দাসরাহাল্লি এলাকায় বসবাস করছিলেন।
অভিযোগ রয়েছে, পূজার পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। পরে পরিবারের পক্ষ থেকে চারজনকে বেঙ্গালুরুতে পাঠানো হয়। তারা পূজাকে তার বাসা থেকে তুলে নিয়ে একটি হুন্ডাই ভেন্যু গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পালানোর সময় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তারা একাধিক যানবাহনে ধাক্কা দেন। এতে ছয়জন আহত হন।
পরে স্থানীয় লোকজন গাড়িটির পিছু নিয়ে অভিযুক্তদের আটক করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে গাড়ি থেকে অভিযুক্তদের টেনে বের করতে দেখা যায়। এ ঘটনায় রাজস্থানের বাসিন্দা রাকেশ, করণ ও আয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়ি চালানোর অভিযোগ থাকা আরেক ব্যক্তি সাদ্দাম এখনো পলাতক রয়েছেন।
দুর্ঘটনায় আহত ছয়জন হলেন পৃথ্বীরাজ, ইয়াশিকা, আমুল, মণি, জয়লক্ষ্মী ও সন্তোষ। তাদের মধ্যে জয়লক্ষ্মীর মাথায় গুরুতর আঘাত লেগেছে। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের ব্যবহৃত হুন্ডাই ভেন্যু গাড়িটি জব্দ করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ।
















