আইনমন্ত্রীর সঙ্গে নবনির্বাচিত বার নেতাদের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৭:২৩:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ৫২৭ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্টে কর্মরত আইনজীবীদের জন্য আধুনিক নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা। সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারা এ দাবি তুলে ধরেন।
আইনজীবী নেতারা বলেন, বর্তমানে সুপ্রিম কোর্টে কর্মরত আইনজীবীদের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু বিদ্যমান অবকাঠামো সেই তুলনায় পর্যাপ্ত নয়। বিশেষ করে আইনজীবীদের বসার জায়গার সংকট দীর্ঘদিনের। ফলে পেশাগত দায়িত্ব পালনে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তাদের মতে, আইনজীবীদের জন্য একটি আধুনিক ও পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ভবন নির্মাণ এখন সময়ের দাবি। এতে আইনজীবীদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত হবে এবং বিচারপ্রার্থীদের সেবাও আরও কার্যকর হবে।
এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আইনজীবীদের দাবির যৌক্তিকতার সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন এবং আইনজীবীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর একটি। এ লক্ষ্যে সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। সাক্ষাৎকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ. এম. মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে সমিতির সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ-সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

















