১০ কমিটি গঠন, বিরোধী দল পেল না কোনো সভাপতির পদ

- আপডেট সময় : ১২:১৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪২ বার পড়া হয়েছে
জাতীয় সংসদে আরও ১০টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। তবে নতুন গঠিত কোনো কমিটির সভাপতির পদই দেওয়া হয়নি বিরোধী দলের কাউকে। এ নিয়ে বুধবার সংসদের বৈঠকে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক হয়। দিনের শেষ কার্যসূচিতে চিফ হুইপ নূরুল ইসলাম মনির প্রস্তাবে একে একে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ মো. আব্দুল্লাহ মো. তাহের পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ চান।
তাহের অভিযোগ করেন, সংসদে প্রতিনিধিত্বের অনুপাতে কমিটিতে সদস্যপদ বণ্টন করা হলেও সভাপতির পদে সেই অনুপাত মানা হয়নি। তাঁর দাবি, সরকারি দলের সঙ্গে আলোচনায় বিরোধী দলকে ২৬ শতাংশ প্রতিনিধিত্ব দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছিল। এমনকি ১০টি কমিটির সভাপতির পদ দেওয়ার কথা বলে বিরোধী দলের কাছ থেকে তালিকাও নেওয়া হয়েছিল। বিরোধী দলীয় উপনেতা বলেন, কমিটির সভাপতির পদ পাওয়া বিরোধী দলের অধিকার। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকারি দল যদি সব সিদ্ধান্ত নিজেদের মতো করে নেয়, তাহলে সংসদীয় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতেও একই নীতিতে কমিটি গঠন করা হলে বিরোধী দল সংসদে নাও থাকতে পারে। তাঁর বক্তব্যের পর বিরোধী দলের অধিকাংশ সদস্য অধিবেশন কক্ষ ত্যাগ করেন। তবে এনসিপির হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সাইয়েদ উদ্দিন আহমেদ হানজালা অধিবেশন কক্ষে ছিলেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদীয় কমিটির সভাপতি পদ আসনসংখ্যার অনুপাতে বিরোধী দলকে দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। অতীতেও এমন কোনো রীতি ছিল না।
তবে তিনি জানান, জুলাই জাতীয় সনদে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে আসনের অনুপাতে বিরোধী দলের সদস্যদের সভাপতিত্ব দেওয়ার বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে। সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধনের পর কমিটিগুলো পুনর্গঠন করা হবে। তখন আসনের অনুপাতে বিরোধী দল সভাপতির পদ পাবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে সংসদের বাইরে রাজনীতি না করে অধিবেশনে এসে আলোচনা করার আহ্বান জানান। নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি সেলিম ভূঁইয়া, মহিলা ও শিশুবিষয়ক কমিটির সভাপতি সেলিমা রহমান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন হুইপ রকিবুল ইসলাম।
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ, তথ্য ও সম্প্রচার কমিটির সভাপতি আমানউল্লাহ আমান, পরিবেশ কমিটির সভাপতি হুইপ জি কে গউছ, ভূমি কমিটির সভাপতি নাসের রহমান এবং ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম জামাল। জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি সংসদ-সম্পর্কিত। এ পর্যন্ত গঠন করা হয়েছে ২৫টি কমিটি।

















