কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী দেবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ৫২৫ বার পড়া হয়েছে
আগামীকাল রবিবার কিশোরগঞ্জে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানীর অর্থ বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ডও বিতরণ করবেন। রবিবার বিকেল ৪টায় কিশোরগঞ্জ জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং স্থানীয় সংসদ সদস্যরা। এর আগে সকাল সাড়ে ১১টায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি স্থানীয় সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
দুপুর ১২টায় কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। এরপর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা এ রাষ্ট্রীয় সম্মানী সুবিধার আওতায় থাকবেন। এর মধ্যে মাসিক সম্মানীর জন্য নির্বাচিত হয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা।

















