স্কুলে টিকটক বন্ধের নিয়ম নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

- আপডেট সময় : ১২:৩২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪৭ বার পড়া হয়েছে
বিদ্যালয়ের শিক্ষকরা অবসর সময়ে টিকটক করতে পারবেন কি না—এ নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন ব্যক্তি অবসর সময়ে কী করবেন সেটি তার ব্যক্তিগত বিষয়। তবে শ্রেণিকক্ষে টিকটক করা নিয়ে বিদ্যালয়ের নিজস্ব নীতিমালা থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, গণতান্ত্রিক ব্যবস্থায় অবসর সময়ে ব্যক্তিগত কর্মকাণ্ডে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই। তবে বিদ্যালয়ের পরিবেশ ও নিয়মের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা যেতে পারে।
এ সময় প্রাথমিক শিক্ষকদের বেতন নিয়েও কথা বলেন ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষকদের বেতনকে তিনি প্রধান সমস্যা হিসেবে দেখছেন না। বরং শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কতটা শিখছে সেটিকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষকদের নিয়োগ থেকে শুরু করে ক্যারিয়ার উন্নয়ন, মূল্যায়ন ও প্রশিক্ষণ নিয়ে নতুনভাবে কাজ চলছে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে মনিটরিংয়ের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

















