শ্রীপুরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

- আপডেট সময় : ০৭:৪০:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ৫৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাগুরার শ্রীপুরে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচির ১ম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩০ জন প্রশিক্ষণার্থীর উপস্থিতিতে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধা। উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম এবং শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সমাজসেবা অধিদপ্তরের “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)” এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন ও বাস্তবায়ন করছে শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়।
জানা যায়, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. পর্যন্ত ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণে প্রান্তিক পেশাজীবীদের আত্ম-কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং জীবনমান উন্নয়নের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।













