‘মা ওরা আমাকে মেরে ফেলবে’ বলার পর বিশ্ববিদ্যালয়ছাত্রীর মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ১০:১৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৬১৮ বার পড়া হয়েছে
ভারতের আসামের গুয়াহাটিতে একটি ভাড়া করা আবাসনের কক্ষ থেকে ২২ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয়ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা ২৬ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নিমিষা ঠাকুরিয়া গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। শুক্রবার রাতে তিনি আসিফ আলি নামে ওই যুবকের সঙ্গে গারাল এলাকার একটি ভাড়া করা আবাসনের কক্ষে ছিলেন। শনিবার ভোরে নিমিষাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, আসিফ দাবি করেছেন নিমিষা আত্মহত্যা করেছেন। তবে তার বক্তব্য নিয়ে সন্দেহ রয়েছে। গুয়াহাটি পশ্চিমের ডেপুটি কমিশনার অব পুলিশ বলিন দেওরি জানিয়েছেন, ঘটনাটি তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পুলিশ হত্যার সন্দেহেও বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাস্থলে মরদেহ বা মেঝেতে কোনো রক্তের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।
নিমিষার পরিবারের এক বন্ধু গৌতম দাসের দাবি, ঘটনার রাতে প্রায় ২টার দিকে নিমিষা তার মাকে ফোন করেছিলেন। সে সময় তিনি কাঁদছিলেন এবং বারবার বলছিলেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে।’ এরপর তার ফোন কেড়ে নেওয়া হয়ে থাকতে পারে বলেও দাবি করেন দাস। তবে ফোনে এমন কথা বলার বিষয়টি পুলিশ এখনো স্বাধীনভাবে নিশ্চিত করেনি। আবাসনের রাঁধুনী ও তত্ত্বাবধায়ক বিপুল বৈলুং দাবি করেন, রাতের কোনো একসময় তিনি একজন পুরুষের চিৎকার শুনেছিলেন। পরে কান্নার শব্দ পেয়ে একটি কক্ষে গিয়ে একজন যুবককে তরুণীকে ধরে থাকা অবস্থায় দেখতে পান বলেও জানান তিনি।
ঘটনার পর আবাসনের মালিক ও কর্মচারীসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও পরিষ্কার তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে নিমিষা হিন্দু এবং আসিফ মুসলিম হওয়ায় ঘটনাটি ঘিরে কয়েকটি সংগঠন বিক্ষোভ করেছে। তারা ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলেছে। তবে এ অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণের কথা জানায়নি পুলিশ। ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর পরিস্থিতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে।













