টাঙ্গাইলে কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও চারা প্রদান করলেন মৎস্য প্রতিমন্ত্রী

- আপডেট সময় : ০৯:০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ৭৫৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইল, ৫ জুলাই ২০২৬ (বাসস): জেলার ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, বিভিন্ন গাছের চারা, সার এবং অসহায় মানুষের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল শনিবার বিকেলে এ অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই কর্মসূচি আমাদের প্রান্তিক কৃষক ভাই-বোনদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের কৃষি ও কৃষকের কল্যাণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
‘কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ অনুদান দেওয়া হয়। এ কর্মসূচির আওতায় গতকাল টাঙ্গাইল সদর উপজেলার ২ হাজার ৫ শত ৯০ জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষককে নগদ অর্থের চেক, বিনামূল্যে বীজ, বিভিন্ন গাছের চারা ও সার প্রদান করা হয়।
























