অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি, মেধাবীদের স্কলারশিপ দেবে সরকার

- আপডেট সময় : ১২:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ৫২০ বার পড়া হয়েছে
দেশের নারী শিক্ষার প্রসারে নতুন একাধিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, পর্যায়ক্রমে মেয়েদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে। পাশাপাশি ভালো ফল করা ছাত্রীদের জন্য উচ্চশিক্ষায় স্কলারশিপ চালু করা হবে। বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় মেয়েদের শিক্ষাকে বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেয়েদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে। একই সঙ্গে যেসব ছাত্রী উচ্চশিক্ষায় ভালো ফল করবে, তাদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, সরকার পর্যায়ক্রমে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে নতুন স্কুল ড্রেস প্রদান করবে। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিডডে মিল কর্মসূচি আরও সম্প্রসারণের কাজ চলছে।
শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের শুধু শিক্ষিত নয়, মানবিক মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। তিনি আহ্বান জানান, কোনো শিশু যেন মানুষ, প্রাণী বা প্রকৃতির প্রতি নিষ্ঠুর না হয়ে ওঠে—সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে শিশুদের খেলাধুলা ও পরিবেশ সচেতনতার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি ‘গ্রিন স্কুল’ (সবুজ বিদ্যালয়) কর্মসূচির উদ্বোধন করে প্রতিটি শিক্ষার্থীকে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, একটি গাছ যেমন বড় হবে, তেমনি সেই গাছের সঙ্গে শিশুরাও বেড়ে উঠবে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে প্রধানমন্ত্রী ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে পদক প্রদান করা হয়। এছাড়া শিশুদের বিতর্ক ও সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।






























