উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে অবৈধ সুবিধা আদায়

- আপডেট সময় : ১১:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ৫২৮ বার পড়া হয়েছে
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা ও অবৈধ সুবিধা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে অভিযুক্তকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার আতিয়ার দর্জি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্য হিসেবে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম-ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করছিলেন। এসব অ্যাকাউন্ট থেকে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে প্রভাবশালী পরিচয়ে তদবির, প্রভাব বিস্তার এবং অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করা হতো।
আরও পড়ুন,
- টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের বিচার দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ
- মাগুরায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বরাদ্দের টাকা আদায়ের অভিযোগ
তদন্তে র্যাব নিশ্চিত হয়, যেসব কর্মকর্তার পরিচয় ব্যবহার করা হয়েছে, তাদের সঙ্গে এসব অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। পরে শাহবাগ থানায় দায়ের করা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি ব্যক্তিগত মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড এবং নগদ ৮ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে। পরে তাকে আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন,
- মাদকের সরবরাহ চক্র নির্মূলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান চরমোনাই পীর
- জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর সেনা হেফাজতে: স্বরাষ্ট্রমন্ত্রী
র্যাব বলছে, ডিজিটাল মাধ্যমে সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা একটি গুরুতর অপরাধ। তাই হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো অ্যাপে সরকারি কর্মকর্তা পরিচয়ে কেউ যোগাযোগ করলে, পরিচয় নিশ্চিত না হয়ে কোনো অর্থ লেনদেন, ওটিপি, ব্যাংক তথ্য বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।



























