হামলার বিচার চেয়ে হবিগঞ্জে অবস্থানের ঘোষণা সারজিস আলমের

- আপডেট সময় : ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ৫৮৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
সারজিস আলম দাবি করেন, হামলায় এনসিপির একাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। কারও হাত ভেঙে গেছে, কারও মাথায় গুরুতর আঘাত লেগেছে। এছাড়া হামলাকারীরা ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। একজন নেতাকর্মীর চোখে এবং আরেকজনের মুখে রড দিয়ে আঘাত করা হয়েছে বলেও দাবি করেন সারজিস।
তিনি আরও অভিযোগ করেন, আহতদের হাসপাতালে নেওয়ার সময় হাসপাতালের সামনেও তাদের ওপর আবার হামলা চালানো হয়। এমনকি তাদের হাসপাতালে প্রবেশ করতেও বাধা দেওয়া হয়েছে। এ সময় নিজের হাতেও রডের আঘাত এবং ইট নিক্ষেপের শিকার হওয়ার দাবি করেন এনসিপির এই নেতা।
পুলিশের ভূমিকারও সমালোচনা করে সারজিস আলম বলেন, হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেননি। তিনি এ ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদের কাছে জবাবও দাবি করেন।
হামলার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ না ছাড়ার ঘোষণা দিয়ে সারজিস আলম বলেন, প্রয়োজন হলে এখান থেকেই তাদের লাশ যাবে, কিন্তু ঘটনার বিচার এবং জবাব আদায় করেই তারা ফিরবেন। তবে এ ঘটনায় ছাত্রদল, যুবদল বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।





























