কাফরুল হত্যা মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

- আপডেট সময় : ১২:১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ৫৩২ বার পড়া হয়েছে
রাজধানীর কাফরুলে যুবদলকর্মী ইউসুফ বেপারীকে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে পরিকল্পনার অভিযোগ তুলেছেন হামলায় বেঁচে যাওয়া যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু। তবে অভিযুক্ত বিএনপি নেতা সাব্বির দেওয়ান জনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, সম্পৃক্ততা প্রমাণিত হলে তিনি নিজেই আত্মসমর্পণ করবেন।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে হাফিজুল ইসলাম বাবু দাবি করেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হওয়ায় তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। হামলার মূল লক্ষ্য তিনি হলেও গুলিবিদ্ধ হয়ে নিহত হন যুবদলকর্মী ইউসুফ বেপারী। আহত হন আরও দুজন।
তিনি অভিযোগ করেন, কাফরুল থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাব্বির দেওয়ান জনি এই হত্যার মূল পরিকল্পনাকারী। এছাড়া কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ ২৫ লাখ টাকার বিনিময়ে বাইরে থেকে শুটার ভাড়া করেন বলেও দাবি করেন তিনি।
হাফিজুল ইসলাম বাবুর ভাষ্য, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে ময়লার টেন্ডার, ফুটপাত দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা ভিত্তিহীন। প্রকৃত পরিকল্পনাকারীদের আড়াল করতে তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, সাব্বির দেওয়ান জনি অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, হাফিজ তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী হলেও কোনো অপরাধ করলে তার দায় তিনি নেবেন না। তিনি বলেন, ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ মিললে তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা।
গত ২৪ জুলাই রাতে রাজধানীর মিরপুর-১৩ এলাকার সি-ব্লকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় যুবদলকর্মী ইউসুফ বেপারী নিহত এবং দুইজন আহত হন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও কাফরুল থানা পুলিশ।



























