লাল নাকি সাদা পেঁয়াজ?
- আপডেট সময় : ১২:২৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ৫১৯ বার পড়া হয়েছে
প্রায় সব ধরনের রান্নাতেই পেঁয়াজ অপরিহার্য উপাদান। কেউ লাল পেঁয়াজ ব্যবহার করেন, আবার কেউ পছন্দ করেন সাদা পেঁয়াজ। দেখতে প্রায় একই রকম হলেও পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতায় রয়েছে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য।স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘হেলদি বিল্ডার্জেড’-এর এক প্রতিবেদনে লাল ও সাদা পেঁয়াজের আলাদা উপকারিতা তুলে ধরা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, লাল পেঁয়াজে অ্যান্টিঅক্সিডেন্ট ও কোয়ারসেটিনের পরিমাণ তুলনামূলক বেশি। এসব উপাদান শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিকেল প্রতিরোধ, হৃদ্স্বাস্থ্য ভালো রাখা, রক্তচাপ ও খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এছাড়া মুখ, খাদ্যনালী, পাকস্থলী, কোলোরেক্টাল ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া লাল পেঁয়াজে আয়রনের পরিমাণ কিছুটা বেশি থাকায় এটি রক্তশূন্যতা প্রতিরোধেও সহায়ক হতে পারে।অন্যদিকে, সাদা পেঁয়াজের স্বাদ তুলনামূলক হালকা ও কিছুটা মিষ্টি হওয়ায় অনেকেই এটি কাঁচা খেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কাঁচা খেলে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের বেশি অংশ শরীরে গ্রহণ করা সম্ভব হয়।
সাদা পেঁয়াজে ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। এছাড়া এতে থাকা ফোলেট গর্ভবতী নারীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি ভ্রূণের মস্তিষ্ক ও মেরুদণ্ডের জন্মগত ত্রুটির ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে। তবে পুষ্টিবিদদের মতে, লাল ও সাদা—উভয় ধরনের পেঁয়াজই স্বাস্থ্যকর। কোনটি বেছে নেবেন, তা নির্ভর করবে আপনার খাদ্যাভ্যাস, স্বাদের পছন্দ এবং পুষ্টিগত চাহিদার ওপর।

























