ইরানকে সহায়তার অভিযোগে ভারত-চীন-রাশিয়ার প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

- আপডেট সময় : ০৪:৩১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ৫৩০ বার পড়া হয়েছে
ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি বহুজাতিক নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ভারত, চীন, রাশিয়া ও ইরানের ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল—ওএফএসি জানিয়েছে, নিষেধাজ্ঞাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরানের মাহান এয়ার এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আর্থিক, বাণিজ্যিক ও লজিস্টিকস সহায়তা দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
ওয়াশিংটনের দাবি, মাহান এয়ার দীর্ঘদিন ধরে আইআরজিসির কুদস ফোর্সের পরিবহন নেটওয়ার্ক হিসেবে কাজ করছে এবং অস্ত্র, সেনাসদস্য ও ড্রোন পরিবহনে ব্যবহৃত হয়েছে। যদিও ইরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট বলেন, আইআরজিসি বা মাহান এয়ারকে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে এবং তাদের মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হবে।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে চীনের সাংহাই উইংস ইন্টারন্যাশনাল লজিস্টিকস কোম্পানি, সাংহাই এলিট ইন্টারন্যাশনাল ট্রাভেল কোম্পানি ও এর ব্যবস্থাপনা পরিচালক ট্যাং শিন। এছাড়া ভারতের স্কাইজ ট্র্যাভেলস অ্যান্ড লজিস্টিকস, রাশিয়ার এয়ার কার্গো প্রো লিমিটেড এবং ইরানের ডেডনেগার প্রতিষ্ঠানও এই তালিকায় রয়েছে। নতুন নিষেধাজ্ঞার আওতায় তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ থাকবে।



























