মাগুরায় ‘চুরি হওয়া’ ৩ মাসের নবজাতক উদ্ধার
- আপডেট সময় : ০৯:২১:০০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ৫৩০ বার পড়া হয়েছে
মাগুরায় চুরি হওয়ার অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই ৩ মাস বয়সী শিশু নূর ইসলামকে উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। মাগুরা ও মানিকগঞ্জ জেলা পুলিশের যৌথ অভিযানে পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার সকালে মাগুরা সদর উপজেলার কুল্লিয়া গ্রামের আলমগীর থানায় এসে অভিযোগ করেন, তিনি মাঠে কাজ করতে এবং তার স্ত্রী পুকুরঘাটে কাপড় ধুতে গেলে বোরকা পরা এক অপরিচিত নারী বাড়ি থেকে তার তিন মাস বয়সী ছেলে নূর ইসলামকে নিয়ে পালিয়ে যায়।
অভিযোগ পাওয়ার পর বিষয়টি মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনকে জানানো হয়। পরে শিশুটিকে উদ্ধারে সিসিআইসি টিমকে দায়িত্ব দেওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, বোরকা পরা এক নারী শিশুটিকে নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। পরে তার অবস্থান দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় শনাক্ত করা হয়।
মাগুরা পুলিশের পক্ষ থেকে মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলা পুলিশ এবং ফরিদপুর নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর মাগুরা জেলা পুলিশের সিসিআইসি ও সদর থানার যৌথ টিম অভিযান চালিয়ে পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় শিশুটিকে নিয়ে যাওয়া বোরকা পরিহিত নারীকে হেফাজতে নেওয়া হয়।
পরে জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম কহিনূর বেগম এবং শিশুটির মা বলে দাবি করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, স্বামীর সঙ্গে পারিবারিক কলহ ও খারাপ আচরণের অভিযোগে অভিমান করে তিনি কাউকে না জানিয়ে শিশুকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
উদ্ধারের পর শিশু নূর ইসলাম বর্তমানে তার মায়ের কাছে রয়েছে। ঘটনাটি প্রকৃতপক্ষে অপহরণ বা চুরির ঘটনা কি না, তা যাচাই করে যথাযথ আইনগত প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মাগুরা জেলা পুলিশ বলছে, নারী ও শিশু সংক্রান্ত বিষয়গুলো সর্বোচ্চ সংবেদনশীলতার সঙ্গে দেখা হচ্ছে এবং জনগণের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।


























