জুলাইয়ের যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন যানবাহন

- আপডেট সময় : ০৭:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ৫২০ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকজনের হাতে জীবিকা নির্বাহের জন্য যানবাহনের চাবি ও উপহার তুলে দেন তিনি। এ সময় উপকারভোগীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের শারীরিক অবস্থা, পরিবারের পরিস্থিতি ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।
নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখকে দেওয়া হয় একটি সিএনজি অটোরিকশা। জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হন আজিজ। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। বর্তমানে সিএনজি চালিয়ে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচ চালান তিনি।
প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। কুষ্টিয়ার আলমডাঙ্গার বাসিন্দা মো. গফফারকে দেওয়া হয় দুটি প্যাডেলচালিত রিকশা। আন্দোলনের সময় মহাখালী এলাকায় আন্দোলনকারীদের পানি সরবরাহ এবং আহতদের নিজের রিকশায় হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করেছিলেন তিনি।
গফফার জানান, একটি রিকশা নিজে চালিয়ে জীবিকা নির্বাহ করবেন এবং অন্যটি ভাড়া দেবেন। এ ছাড়া বগুড়ার গাবতলীর ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দেওয়া হয় দুটি ব্যাটারিচালিত অটোরিকশা। কর্মসংস্থানের অভাবে দীর্ঘদিন কষ্টে থাকা এই ব্যক্তির জন্যও এটি নতুন আয়ের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার পাওয়া যানবাহনগুলো পরিচালনার বিষয়টি দেখেন এবং নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।






























