ট্রাম্পের সাবেক আইনজীবীই যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল

- আপডেট সময় : ০৭:২২:১২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ৫২১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চ। শনিবার সকালে মার্কিন সিনেটে ৫০-৪৯ ভোটে তার মনোনয়ন অনুমোদিত হয়। এর ফলে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের শীর্ষ পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পথ খুলে গেল ব্লাঞ্চের জন্য।
এর আগে তিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে বিচার বিভাগের দায়িত্ব পালন করছিলেন। তবে ব্লাঞ্চের নিয়োগ নিয়ে সিনেটে শুরু থেকেই ছিল তীব্র বিতর্ক। ডেমোক্র্যাটদের পাশাপাশি দুই রিপাবলিকান সিনেটর—মেইনের সুসান কলিন্স ও আলাস্কার লিসা মারকাউস্কি—তার বিপক্ষে ভোট দেন।
বিতর্কের কেন্দ্রে ছিল ট্রাম্পের সঙ্গে ব্লাঞ্চের ঘনিষ্ঠ সম্পর্ক এবং বিচার বিভাগকে প্রেসিডেন্টের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের আশঙ্কা। নিউইয়র্কের সাবেক ফেডারেল প্রসিকিউটর ব্লাঞ্চ আগে ট্রাম্পের ফৌজদারি মামলায় প্রধান আইনজীবী হিসেবে কাজ করেছেন। বাইডেন প্রশাসনের সময় ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা ফেডারেল মামলাতেও তার হয়ে আইনি লড়াই করেন তিনি।
সমালোচকদের অভিযোগ, ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে তদন্ত জোরদার এবং বিচার বিভাগের অভ্যন্তরে ব্যাপক পরিবর্তনের মাধ্যমে ব্লাঞ্চ প্রেসিডেন্টের প্রতি তার আনুগত্যের প্রমাণ দিয়েছেন। অন্যদিকে রিপাবলিকান সমর্থকদের দাবি, ট্রাম্পের আস্থা অর্জন এবং আইনজীবী হিসেবে অভিজ্ঞতার কারণে কঠিন পরিস্থিতিতে প্রেসিডেন্টকে আইনি সীমাবদ্ধতা বোঝাতে ব্লাঞ্চই সবচেয়ে কার্যকর ব্যক্তি।
নিয়োগের আগে বিতর্কিত একটি সমঝোতা প্রস্তাব নিয়েও চাপে পড়েছিলেন ব্লাঞ্চ। পরে রিপাবলিকান সিনেটরদের চাপে ট্রাম্প ও তার সহযোগীদের সুবিধা দিতে পারে—এমন একটি ১৮০ কোটি ডলারের তহবিল বাতিল এবং কর নিরীক্ষা সংক্রান্ত বিতর্কিত ধারা সংশোধনের লিখিত প্রতিশ্রুতি দেন তিনি।
এই প্রতিশ্রুতিই শেষ পর্যন্ত তার মনোনয়ন অনুমোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন প্রশ্ন—ট্রাম্পের ঘনিষ্ঠ সাবেক আইনজীবী হিসেবে পরিচিত ব্লাঞ্চ বিচার বিভাগের স্বাধীনতা কতটা বজায় রাখতে পারবেন? নতুন অ্যাটর্নি জেনারেলের সামনে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা।



























