রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১২, আহত ৩৯

- আপডেট সময় : ০২:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৫২৮ বার পড়া হয়েছে
রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯ জন। সোমবার নিঝনেকামস্কের মেয়র রাদমির বেলিয়ায়েভ হতাহতের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শহরের শিল্প ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
রুশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় তাতারস্তানের গুরুত্বপূর্ণ তানেকো তেল শোধনাগারেও আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে একটি শিল্প স্থাপনার ওপর থেকে ধোঁয়া উঠতে দেখা গেলেও ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নিঝনেকামস্কের তানেকো শোধনাগারটি রাশিয়ার অন্যতম বড় তেল শোধনাগার এবং এটি তাতনেফত কোম্পানির মালিকানাধীন। ২০২৪ সালে প্রতিষ্ঠানটিতে প্রায় ১ কোটি ৭০ লাখ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা হয়। একই সময়ে উৎপাদন করা হয় প্রায় ২৭ লাখ টন পেট্রল এবং ৮৫ লাখ টন ডিজেল। ফলে রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এই শোধনাগারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর আগে চলতি বছরের জুনের শুরুতেও তানেকো শোধনাগারে ইউক্রেনের হামলার খবর পাওয়া যায়।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো ইউক্রেনের ড্রোন হামলার অন্যতম প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। এসব হামলার কারণে দেশটির কিছু এলাকায় জ্বালানি সরবরাহে সাময়িক সংকট তৈরি হওয়ার খবরও পাওয়া গেছে। তবে রুশ কর্তৃপক্ষের দাবি, শুরুতে তৈরি হওয়া জ্বালানি সংকটের বেশির ভাগই পরবর্তী সময়ে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
নিঝনেকামস্কে সর্বশেষ হামলার পর তাতারস্তানের প্রধান রুস্তাম মিনিখানভ শোক পালনের ঘোষণা দিয়েছেন। মেয়র বেলিয়ায়েভও নিহতদের স্মরণে শোক পালনের কথা জানিয়েছেন। এদিকে হামলায় তেল শোধনাগারসহ অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বিস্তারিতভাবে জানানো হয়নি। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।



























