রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতিমূলক সভা

- আপডেট সময় : ১২:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ৫২৬ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে শুরু হয়েছে প্রস্তুতিমূলক সভা। মঙ্গলবার ১১ আগস্ট বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হয়।
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন বিএনপি ইতোমধ্যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। গত রোববার নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়।
বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও আলোচনায় রয়েছে। এছাড়া স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে।
অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টি—এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে প্রার্থী করেছে। সোমবার জোটের প্রতিনিধিদল তাঁর পক্ষে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, জয়-পরাজয়ের চেয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য। সুস্থ গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ১৬ আগস্ট হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।
আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর শুরু হয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া। নির্বাচনকে কেন্দ্র করে সংসদ ও নির্বাচন কমিশনে চলছে প্রস্তুতি।






























