মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

- আপডেট সময় : ১০:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ৫২৪ বার পড়া হয়েছে
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১০ আগস্ট মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা এবং জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাতৃদুগ্ধের গুরুত্ব, শিশুর সুস্থ বিকাশ এবং মায়ের বুকের দুধ খাওয়ানোর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, জন্মের পর শিশুর জন্য মায়ের বুকের দুধ সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর খাবার। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মাতৃদুগ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই নবজাতককে মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা আরও বাড়াতে হবে।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ পালনের পর সোমবার আনুষ্ঠানিকভাবে এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



























