দীর্ঘ বিরতির পর জোভান-তানজিন তিশা জুটির প্রত্যাবর্তন

- আপডেট সময় : ১১:৩১:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ৫২২ বার পড়া হয়েছে
দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। নতুন নাটক ‘প্রতিশোধ’-এ জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।
একসময় ‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’, ‘কি করে বলব তোকে’, ‘কাপল ক্যাম্পাস’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন জোভান ও তানজিন তিশা। তাদের অনস্ক্রিন রসায়নও পেয়েছে আলাদা জনপ্রিয়তা। তবে দীর্ঘদিন তাদের একসঙ্গে কোনো নাটকে দেখা যায়নি। বিরতির পর এবার ‘প্রতিশোধ’ নাটকের মাধ্যমে আবারও একসঙ্গে হাজির হয়েছেন এই তারকা জুটি।
অভিনেতা জোভান জানান, অনেক দিন পর তারা একসঙ্গে কাজ করেছেন। নাটকটির শুটিং ঈদের আগেই সম্পন্ন করা হয়েছিল। ‘প্রতিশোধ’ নাটকের গল্পেও রয়েছে ভিন্নতা। গল্পে দেখা যায়, বিদেশে পড়াশোনা শেষে এক বছর চাকরি করে দেশে ফেরেন এক তরুণ। দেশে ফিরে একটি প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা পদে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি।
চাকরিতে নিয়োগের আগে নানা ধরনের অভিজ্ঞতা চাওয়ার বাস্তবতা এবং ক্যারিয়ার ঘিরে নানা পরিস্থিতিকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের গল্প। এর মধ্য দিয়ে দর্শকদের জন্য দেওয়া হয়েছে সচেতনতার বার্তাও। নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মহিন। গল্প ও চিত্রনাট্যে রয়েছেন শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিন। এতে জোভান ও তানজিন তিশার পাশাপাশি অভিনয় করেছেন আরেফিন জিলানী, মানস বন্দ্যোপাধ্যায় ও বড়দা মিঠু।
‘প্রতিশোধ’ মুক্তি পেয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। বিশেষ করে দীর্ঘদিন পর জোভান-তানজিন তিশাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের ভক্তরা। দর্শকদের অনেকেই বলছেন, এই জুটির অনস্ক্রিন রসায়নে এখনো রয়েছে আলাদা আকর্ষণ। তাই ভবিষ্যতে তাদের আরও নিয়মিত একসঙ্গে দেখতে চান তারা।




























