৩০ সেকেন্ড নয়, ভিডিও শুরু হলেই ভিউ

- আপডেট সময় : ১১:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ৫১৭ বার পড়া হয়েছে
ইউটিউব ভিডিওর ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। এখন থেকে কোনো ভিডিও শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটি একটি ভিউ হিসেবে গণনা করা হবে। একই নিয়ম প্রযোজ্য হবে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রেও। সোমবার ইউটিউব জানায়, আগামী ২৪ আগস্ট থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।
এতদিন ইউটিউব কীভাবে একটি ভিউ গণনা করে, তার সুনির্দিষ্ট পদ্ধতি প্রকাশ করেনি। তবে প্রচলিত ধারণা ছিল, একজন দর্শক কোনো ভিডিও অন্তত ৩০ সেকেন্ড দেখার পর সেটি ভিউ হিসেবে গণনা করা হয়। শর্টস ভিডিওতে একই ধরনের ভিউ গণনা চালুর প্রায় এক বছর পর দীর্ঘ ভিডিও ও সরাসরি সম্প্রচারের ক্ষেত্রেও এই পরিবর্তন আনছে ইউটিউব।
প্রতিদ্বন্দ্বী টিকটক ও ইনস্টাগ্রামেও ভিডিও শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভিউ গণনা করা হয়। ইউটিউব বলছে, বিভিন্ন ফরম্যাটে ভিউ গণনার একাধিক পদ্ধতি থাকায় ক্রিয়েটরদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। সেই বিভ্রান্তি দূর করে কনটেন্টের প্রকৃত পরিচিতি তুলে ধরতেই নতুন নিয়ম চালু করা হচ্ছে।
তবে এর ফলে ইউটিউবের প্রকাশ্য ভিউ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। বিশেষ করে যেসব ভিডিও দর্শকের দৃষ্টি আকর্ষণ করলেও তারা দ্রুত ভিডিও থেকে বেরিয়ে যান, সেসব ভিডিওর ভিউ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ক্রিয়েটরদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো—ইউটিউব আগের মূল ভিউ মেট্রিকটি বাতিল করছে না। এটিকে এখন ‘এনগেজড ভিউজ’ নামে অ্যানালিটিক্সে রাখা হবে। এর মাধ্যমে ক্রিয়েটররা বুঝতে পারবেন, কতজন দর্শক ভিডিও দেখা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইউটিউব জানিয়েছে, ভিউ গণনার এই পরিবর্তনের কারণে ক্রিয়েটরদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রামের মাধ্যমে আয় করার যোগ্যতার ওপর কোনো প্রভাব পড়বে না। অন্যদিকে, নতুন ক্রিয়েটরদের আয় সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আসছে। আগামী বছর থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় শুরু করতে আরও কঠোর শর্ত পূরণ করতে হবে ক্রিয়েটরদের। ফলে ইউটিউবের নতুন ভিউ গণনা পদ্ধতি যেমন প্রকাশ্য ভিউ সংখ্যা বাড়াতে পারে, তেমনি প্রকৃত দর্শক ধরে রাখার সক্ষমতা বুঝতে ‘এনগেজড ভিউজ’ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।






























