মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় উচ্ছ্বসিত নিজ জেলা ঠাকুরগাঁও

- আপডেট সময় : ০১:৩৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ৫১৫ বার পড়া হয়েছে
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে তার নিজ জেলা ঠাকুরগাঁও। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় আনন্দ উদযাপন।
ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। কোথাও মিষ্টি বিতরণ, কোথাও শুভেচ্ছা বিনিময়—নানা আয়োজনে নিজেদের আনন্দ প্রকাশ করেন স্থানীয়রা। এ সময় শহরের বিভিন্ন স্থানে পটকা ফোটানো ও বাঁশি বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন জেলার নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
স্থানীয়দের কাছে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া শুধু রাজনৈতিক অর্জন নয়, এটি পুরো ঠাকুরগাঁওয়ের জন্য গর্বের বিষয়। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করলেও পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।
১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে বিএনপিতে যোগ দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
দলের সাংগঠনিক দায়িত্বেও ধাপে ধাপে গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসেন তিনি। ২০০৯ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ২০১৬ সালের ৩০ মার্চ থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের ধারাবাহিকতার পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার নির্বাচিত হওয়াকে নিজেদের গর্ব হিসেবে দেখছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। শহর থেকে গ্রাম—মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে এখন আনন্দের আবহ পুরো ঠাকুরগাঁওজুড়ে।



























