সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি

- আপডেট সময় : ০৭:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ৫১২ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনই দিনক্ষণ ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের একার প্রস্তুতি যথেষ্ট নয়; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত হতে হবে। সবার প্রস্তুতি চূড়ান্ত হলেই নির্বাচন আয়োজন করা হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাবে না। ভোটের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনা করতে হবে। এর মধ্যে রয়েছে আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা ও পাবলিক পরীক্ষা।
সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত কিছু আইন ও বিধি সংশোধনের কাজ চলছে। নির্বাচন কমিশন এ বিষয়ে প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে প্রয়োজনীয় আলোচনাও করা হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে সিইসি বলেন, পুলিশ ও বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতি বিবেচনায় নিয়েই নির্বাচন আয়োজন করতে হবে।
সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ কতসংখ্যক সদস্য নির্বাচনে দিতে পারবে এবং তাদের প্রস্তুতি—এসব বিষয়ে জানতে চেয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে পুলিশকে কিছু পরামর্শও দেওয়া হয়েছে।
সিইসি আরও বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই নির্ধারণ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় নির্বাচন যেভাবে আয়োজন করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। সবার সহযোগিতা নিয়ে সুন্দরভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।






























