বাংলাদেশ-ভারত বাণিজ্য ১৩ বিলিয়ন ডলার

- আপডেট সময় : ০৮:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ৫১৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে নতুন সুযোগ খুঁজে বের করার বিষয়ে আলোচনা চলছে। সোমবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি জানান, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে সীমান্তগুলো পুরোপুরি কার্যকর করা, বর্ডার হাট পুনরায় চালু এবং স্থলপথে সুতা আমদানি পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ভারতের পক্ষ থেকে সাব্রুমসহ আরও কয়েকটি সড়কসংক্রান্ত বিষয়ও আলোচনায় এসেছে বলে জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের আন্তঃবাণিজ্যে কিছু বিধিনিষেধ এসেছে। এরপরও গত বছর বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। তার মতে, এতে বোঝা যায় অর্থনৈতিক স্বার্থ অনেক সময় অন্যান্য বিষয়কে ছাড়িয়ে যায়। বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করলে দুই দেশের ভোক্তারা কম মূল্যে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পাবেন।
এদিকে, ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের অবকাঠামো ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে এ বিষয়ে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বাণিজ্যিক সম্পর্কের গতি বাড়ানো এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র খুঁজে বের করা একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।






























