৫৪ বছরে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা বানু

- আপডেট সময় : ০৯:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৫০৯ বার পড়া হয়েছে
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা বানু। ৫৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই বিয়ের খবর জানিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে প্রকাশ করা ছবিগুলোতে হুমায়রা বানুকে স্বামীর সঙ্গে দেখা গেলেও তার স্বামীর মুখ প্রকাশ করা হয়নি। বিয়ের খবরের পাশাপাশি নতুন জীবন নিয়ে নিজের অনুভূতিও জানিয়েছেন তিনি।
অভিনেত্রী লিখেছেন, মানুষ অনেক সময় নিজের জীবনের জন্য এক ধরনের পরিকল্পনা করে, কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা হয় ভিন্ন। সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর আস্থা রাখার কথাও জানিয়েছেন হুমায়রা। তার ভাষ্য, সৃষ্টিকর্তা যখন কোনো কিছু ঘটানোর সিদ্ধান্ত নেন, তখন সেই গন্তব্যে পৌঁছানোর পথও সহজ করে দেন।
হুমায়রার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর ভক্ত ও সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার নতুন জীবনের জন্য শুভকামনা জানান। পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ হুমায়রা বানু দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি।
‘রং মহল’, ‘ইশক জালেবি’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’, ‘জান্নাত সে আগে’, ‘মেহরুম’ ও ‘জান নিসার’সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন হুমায়রা। তবে বিয়ের পরও তার স্বামীর পরিচয় এবং বিয়ের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেননি এই অভিনেত্রী।




























