‘শরীর আমার, পোশাক আমার’: কড়া জবাব দিলেন প্রিয়ন্তী উর্বী

- আপডেট সময় : ১১:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ৫১৯ বার পড়া হয়েছে
জার্মানিতে ভ্রমণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর নিজের পোশাক ও শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তার শরীর, পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্য কারও নেই।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রিয়ন্তী লেখেন, কিছু মানুষের মন্তব্য পড়ে তিনি সত্যিই অস্বস্তিতে আছেন। একটি মেয়ের শরীর, পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা ভাষায় কথা বলার মধ্যে মানুষ কী আনন্দ খুঁজে পায়, তা তার বোধগম্য নয়।
অভিনেত্রী বলেন, তার শরীর, পোশাক ও ফেসবুক প্রোফাইল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই। কারও ভালো না লাগলে তার ভিডিও না দেখা কিংবা তাকে অনুসরণ না করার পরামর্শ দেন তিনি।

কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের উদ্দেশে প্রিয়ন্তী বলেন, তাদের করা মন্তব্যের স্ক্রিনশট যদি তাদের পরিবার বা কাছের মানুষদের কাছে পাঠানো হয়, তাহলে বিষয়টি কেমন হবে। তিনি আরও বলেন, যারা তার পোশাক ও শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, এমন অনুসারী থাকার চেয়ে না থাকাই ভালো।
২০২১ সালে অভিনয়ে অভিষেক হয় প্রিয়ন্তী উর্বীর। এরপর কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘বকুলের বুকে রক্তকরবী’।

















