ঢাবির কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে হ্যারাসমেন্টের অভিযোগ শিক্ষিকার

- আপডেট সময় : ০২:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩৭ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত ট্যাগ দিয়ে হয়রানি করার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। শনিবার, ৫ সেপ্টেম্বর, নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন এই শিক্ষক।
পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামী জানান, বাসা পরিবর্তন ও নতুন বাসা গোছানোর কাজে সারাদিন ব্যস্ত থাকার পর রাতে ফেসবুকে ঢুকে তিনি বিষয়টি জানতে পারেন। তার ভাষ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্লাসের ছাত্রীদের নিয়ে আপত্তিকর ও ‘আজেবাজে’ মন্তব্য করেছেন। ওই তালিকায় তাকেও রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন,
- কয়েক দিনের পরিবহন সংকট কাটল, রাজশাহী থেকে বিভিন্ন রুটে বাস
- জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ
- সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শেহরীন আমিন বলেন, একজন শিক্ষার্থীর কাছ থেকে অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিদের বিস্তারিত তথ্য নিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে অভিযোগ করার পাশাপাশি নিজের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়া সম্ভব, তা নেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন বলে জানান। তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অনবরত ট্যাগ করা হচ্ছে এবং টিপ্পনী কেটে ও বিভিন্ন মন্তব্যের মাধ্যমে হয়রানি করা হচ্ছে। তার দাবি, এসব ঘটনায় জড়িতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, রাজনৈতিক বিরোধ এবং অতীতে শিবিরকে ভালো বলার কারণে তাকে নতুন করে নাজেহাল করা হচ্ছে বলে তিনি মনে করছেন। একই সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয় সম্পর্কেও মন্তব্য করেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে করা এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর অভিযোগের পর বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে কি না, তা-ও এখন পর্যন্ত স্পষ্ট নয়।

















