ইসমাইল জবিউল্লাহের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

- আপডেট সময় : ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার ৭ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সাক্ষাতের শুরুতে ভারতীয় হাইকমিশনার উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকে মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশ ও ভারত বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র। দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা। পাশাপাশি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের পরিবর্তে দুই দেশের জনগণের মধ্যে জনগণের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান তিনি। মো. ইসমাইল জবিউল্লাহ আশা প্রকাশ করেন, ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
অন্যদিকে সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের অভিন্ন সংস্কৃতি এবং দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। তিনি ভারতে বাংলাদেশি ইলিশের ব্যাপক চাহিদার কথাও উল্লেখ করেন। বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠানোর জন্য অনুরোধ জানান দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে দুই দেশের জনপ্রশাসনের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পুনরায় চালুর ওপর গুরুত্ব দেন তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা আরও সম্প্রসারিত করার সুযোগ রয়েছে। দুই দেশের জনগণের স্বার্থে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। বৈঠকে ভবিষ্যতে দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

















