১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং

- আপডেট সময় : ০৪:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪২ বার পড়া হয়েছে
মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে সারাদেশে তরুণদের খেলাধুলায় সম্পৃক্তকরণ, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬”।
উক্ত চ্যাম্পিয়নশীপ আয়োজনের সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করার লক্ষ্যে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখে পুলিশ সুপারের কার্যালয়, মাগুরার কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, মাগুরা।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনায় আয়োজিত এই প্রতিযোগিতা শুধু একটি ক্রীড়া আয়োজন নয়; এটি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে তাদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।”
প্রেস ব্রিফিংয়ে প্রতিযোগিতার সার্বিক আয়োজন, খেলোয়াড় বাছাই, দল গঠন, নিবন্ধন ও প্রতিটি খেলা শেষে খেলোয়াড়দের মূল্যায়নসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়।কমিউনিটি পুলিশিং কমিটির সহায়তায় এবং সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার পরামর্শে প্রতিযোগিতাটি নির্ধারিত বাইলজ অনুযায়ী পরিচালিত হবে। প্রতিযোগিতার প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; সহ মাগুরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।













