গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক আটক

- আপডেট সময় : ০১:৪২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫১৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ শহরের পৌর পার্কে অনুমতি ছাড়া কনসার্ট আয়োজন এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হাফিজুর রহমান পিয়াল টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। তিনি বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন জমাদারের ছেলে।
মঙ্গলবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান। পুলিশ জানায়, এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে সোমবার রাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে কনসার্টের আয়োজন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল। এতে সংগীত পরিবেশন করেন মাইনুল আহসান নোবেল।
কনসার্ট শুরুর আগে উপস্থিত দর্শকদের একটি অংশ শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুরু করেন। এ সময় আয়োজকেরা বারবার এটি রাজনৈতিক অনুষ্ঠান নয় উল্লেখ করে স্লোগান বন্ধ করার আহ্বান জানান। পরে রাত সাড়ে ৯টার দিকে কনসার্টটি বন্ধ করে দেওয়া হয়।
ঘটনার পর সোমবার রাতেই হাফিজুর রহমান পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে মঙ্গলবার তাঁকে আগের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, কনসার্ট আয়োজনের জন্য পুলিশ কোনো অনুমতি দেয়নি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা সেখানে জড়ো হতে পারেন—এমন আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি। পুলিশের দাবি, এরপরও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়ে স্লোগান দিয়েছেন। এ ঘটনায় কনসার্টের আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে।













