নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

- আপডেট সময় : ০১:০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৮ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং ১০ জনকে খালাস দেওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১১২ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। এর আগে ২৪ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড বহাল রাখা দুই আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং শাহাদাত হোসেন শামীম। আর মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে নূর উদ্দিন, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং উম্মে সুলতানা ওরফে পপিকে।
এ ছাড়া ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ বা দণ্ড বহাল রাখার মতো পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তাদের খালাস দিয়েছেন হাইকোর্ট। খালাস পাওয়া ১০ জন হলেন কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা, রুহুল আমিন, আবছার উদ্দিন এবং মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর।
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, হাইকোর্ট নিম্ন আদালতের রায়ের সমালোচনা করে পর্যবেক্ষণ দিয়েছেন। ১৬ আসামিকে একসঙ্গে মৃত্যুদণ্ড দেওয়াকে আদালত ‘মাইন্ডলেস সেন্টেন্স’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তৎকালীন বিচারক মামুনুর রশিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আদালত তাকে ফৌজদারি মামলার বিচার ও দণ্ড প্রদানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।
২০১৯ সালের ৬ এপ্রিল মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে নুসরাতকে পরিকল্পিতভাবে আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন ১০ এপ্রিল মারা যান তিনি। ওই বছরের ২৪ অক্টোবর এ মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এবার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলো।


















