সালমান শাহ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন

- আপডেট সময় : ০৮:২৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৯ বার পড়া হয়েছে
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ওরফে ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
রিমান্ড শেষে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান। আদালতে দেওয়া আবেদনে সিআইডি জানায়, জিজ্ঞাসাবাদে মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের ডন চেনেন বলে স্বীকার করলেও মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অনেক তথ্য তিনি কৌশলে গোপন করছেন।
সিআইডির দাবি, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তাঁর সঙ্গে চলাফেরা করায় সালমানের ব্যক্তিগত ও অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কে ডনের জানাশোনা ছিল। তদন্ত সংস্থা আরও জানায়, সালমান শাহর মৃত্যুর আগে, মৃত্যুর সময় এবং মৃত্যুর পর ডনের আচরণ ও চলাফেরা বিশ্লেষণ করে তাঁর জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
মামলাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চল্যকর হওয়ায় তদন্তের স্বার্থে প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে ডনকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও আবেদনে উল্লেখ করেছে সিআইডি। এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান। ২০ আগস্ট তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করা হলে ২৭ আগস্ট আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তাঁর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা—এ নিয়ে প্রায় তিন দশক ধরে রহস্য ও বিতর্ক চলে আসছে। গত বছর আদালতের নির্দেশের পর এ ঘটনায় হত্যা মামলা করা হয়। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।
মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, আশরাফুল হক ওরফে ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। তবে মামলায় কারও বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে এসব অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

















