জাতীয় ছাত্রশক্তির কাউন্সিলে দুই পক্ষের হাতাহাতি

- আপডেট সময় : ০২:৩৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৭ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি—এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা। জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। আর সেখানেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির অভিযোগ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের একপর্যায়ে কয়েকজন পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফি। তিনি দুই পক্ষকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
তবে হাতাহাতিতে জড়িত ব্যক্তিরা সংগঠনের কোন ইউনিটের সদস্য কিংবা তাদের পরিচয় কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা নিয়ে অবশ্য ভিন্ন বক্তব্য দিয়েছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরীর দাবি, সেখানে হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি। তার ভাষ্য, কথা-কাটাকাটির পর দুজনকে দুইদিকে সরিয়ে নেওয়া হয়।
তিনি আরও দাবি করেন, কয়েকজন সাংবাদিক অনুষ্ঠান কাভার না করে দ্রুত ঘটনাস্থলের দিকে চলে যান। পরে তাদের ক্যামেরা নামাতে অনুরোধ করা হলে সেটিকে কাজে বাধা হিসেবে দেখা হয়। তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরী বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ায় ছাত্রশক্তির নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করেছেন। তবে ঘটনাটিকে যেভাবে হাতাহাতি হিসেবে প্রচার করা হচ্ছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি বলেও দাবি করেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুই পক্ষকে হাতাহাতিতে জড়াতে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলের মধ্যেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে সংগঠনটির অভ্যন্তরে এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

















