ভেনিস উৎসবে হামলার পর দেশে ফিরেই মুখ খুললেন বাঁধন

- আপডেট সময় : ১০:৪৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৪ বার পড়া হয়েছে
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার ১৪ সেপ্টেম্বর সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাঁধনের বাবা প্রকৌশলী আমিনুল হক। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভেনিস চলচ্চিত্র উৎসবে হামলার পর ইতালির পুলিশের ভূমিকার কথা তুলে ধরেন বাঁধন।
তিনি জানান হামলার ঘটনার পর তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দিয়েছে ইতালির পুলিশ। তিনি বলেন পুলিশ সদস্যরা সবসময় হোটেলের লবিতে অবস্থান করতেন এবং তিনি যেখানেই যেতেন সেখানেই নিরাপত্তা নিয়ে সঙ্গে যেতেন। বাঁধন জানান গত ৮ সেপ্টেম্বর ইতালির পুলিশের কাছে তিনি অভিযোগ বা মামলা করেন। এ সময় সেখানকার পুলিশ তাকে যথেষ্ট সহযোগিতা করেছে বলেও জানান এই অভিনেত্রী।
হামলাকারীদের কঠোর সমালোচনা করে বাঁধন বলেন যারা তাকে আক্রমণ করেছেন তারা শুধু দূর থেকে গালাগাল বা স্লোগান দেননি বরং তার গায়ে হাত তুলেছেন। তাদের এই বর্বরতা বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বাঁধন আরও বলেন যারা হামলা করেছেন তারা মনে করছেন পার পেয়ে যাবেন। তবে তাদের আচরণে তারা নিজেদের জায়গাকেই অনিরাপদ করেছেন।
এ সময় দলকানা না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান বাঁধন। তিনি বলেন পরিবারের কথা চিন্তা করে এবং দেশের জন্য কষ্ট করে প্রবাসীরা অর্থ উপার্জন করেন। কিন্তু দলের নেতাদের অডিও বা ভিডিও বার্তায় প্ররোচিত হয়ে যেন তারা এমন কোনো কাজে না জড়ান।
ভেনিসে হামলার ঘটনায় ইতালিতে মামলা করার পাশাপাশি বাংলাদেশ দূতাবাস এবং ইতালি সরকারের সহযোগিতার কথাও জানান আজমেরী হক বাঁধন। হামলার ঘটনার পর দেশে ফিরে বাঁধনের এই বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

















