অপরাধ ঠেকাতে হোটেলের তথ্য ব্যবস্থাপনায় জোর ডিএমপির

- আপডেট সময় : ০২:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৪ বার পড়া হয়েছে
রাজধানীর আবাসিক হোটেলসহ বিভিন্ন হোটেলে অবস্থান করা অতিথিদের তালিকা নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
সোমবার ১৪ সেপ্টেম্বর সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন। ডিএমপি কমিশনার বলেন, হোটেলগুলো থেকে অতিথিদের তথ্য সংগ্রহের কার্যকর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনের সময় যেন এসব তথ্য দ্রুত পাওয়া যায় তা নিশ্চিত করতে হবে।
অপরাধ প্রতিরোধে সিটিটিসি ডিবি ও থানা পুলিশকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে ডিউটি করার ওপর গুরুত্ব দিয়ে কমিশনার বলেন, কোনো এলাকায় নিরাপত্তার ক্ষেত্রে শূন্যতা সৃষ্টি করা যাবে না। ডিউটির ক্ষেত্রেও কোনো ঘাটতি রাখা যাবে না। রাজধানীর বাইরে থেকে অপরাধীরা ঢাকায় এসে অপরাধ সংঘটিত করতে না পারে সেজন্য প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশও দেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী ব্লক চেকসহ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করতে হবে। সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই তাদের গতিবিধি নিয়ন্ত্রণে আনতে হবে। এ সময় অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ওপরও গুরুত্ব দেন মোসলেহ্ উদ্দিন আহমদ। সংগৃহীত তথ্য দ্রুত কাজে লাগিয়ে অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।












