একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ রাত ৮টায়

- আপডেট সময় : ০৯:৪৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩৫ বার পড়া হয়েছে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফল আজ বুধবার রাত ৮টায় প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন এবং আবেদন বাতিল হয়ে যাবে। ভর্তি নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।
এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। আর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে ভর্তির ফল শিক্ষার্থীরা অনলাইনে সহজেই দেখতে পারবেন।
ফল জানতে প্রথমে একাদশ শ্রেণির ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ওয়েবসাইটের ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর প্রদর্শিত নিরাপত্তা কোড বা ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।
ফলাফলে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তা জানা যাবে। বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণির অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। আবেদন শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়।
এবার একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দেওয়ার সুযোগ পেয়েছেন। এই প্রক্রিয়ায় মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাই ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

















