এআই নিয়ে বিশ্বকে সতর্ক করলেন গুতেরেস

- আপডেট সময় : ১১:৩০:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৭ বার পড়া হয়েছে
কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দেশগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক শিথিলতা বিশ্ব সহ্য করতে পারবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় বিশ্বের বিভিন্ন হুমকির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়টিও তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব।
গুতেরেস বলেন, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা, শিক্ষার সুযোগ বাড়ানো, স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বাড়াতে এআইয়ের বিপুল সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়েও সতর্ক করেন তিনি। গুতেরেস বলেন, এআই তৈরির সঙ্গে যুক্ত ক্রমবর্ধমান সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানও এখন এর ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী, এআইয়ের উন্নয়ন এর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে মানুষের বোঝাপড়ার চেয়ে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। ফলে প্রযুক্তিটির বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। এআইকে ঘিরে ভূরাজনৈতিক বিভাজন এবং সেখান থেকে তৈরি হওয়া বিভিন্ন প্রলোভনের কথাও উল্লেখ করেন গুতেরেস। তিনি বলেন, এআই নিরাপত্তার ক্ষেত্রে বিশ্ব ‘নিচের দিকে দৌড়’ চালানোর সামর্থ্য রাখে না।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, এআইয়ের ওপর আস্থা তৈরি করতে শক্তিশালী নিরাপত্তা কাঠামো বা গার্ডরেল প্রয়োজন। এসব ব্যবস্থার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার পাশাপাশি এর কেন্দ্রে মানবিক মর্যাদাকে রাখতে হবে। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের মধ্যে এর সুফল নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর নিরাপত্তা কাঠামোর প্রয়োজনীয়তার বিষয়টিই গুতেরেসের বক্তব্যে উঠে এসেছে।














