যুক্তরাষ্ট্রে তেলের মজুত বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম কমল

- আপডেট সময় : ০৯:৫৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৫১৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। একই সময়ে সৌদি আরবে হামলার পর তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হলেও বাজারে এর বড় ধরনের প্রভাব পড়েনি।
বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৮২ ডলারে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম কমেছে ৯৭ সেন্ট। শূন্য দশমিক ৯২ শতাংশ কমে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৮৬ ডলারে।
এর আগে মঙ্গলবার ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের তেলের দামই ৩ ডলারের বেশি বেড়েছিল। এতে ১৯ মে’র পর তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এদিকে সৌদি আরবের ইয়ানবু টার্মিনালে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মঙ্গলবার বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছিল।
লোহিত সাগরের সঙ্গে যুক্ত সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর ইয়ানবু টার্মিনাল থেকে তেল পাঠানো সাময়িকভাবে বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ। এর পাশাপাশি ইউরোপে সৌদি আরবের অপরিশোধিত তেল সরবরাহ কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কাও তৈরি হয়।
তবে বুধবার যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বাড়ার খবর সেই উদ্বেগ কিছুটা কমিয়েছে। এর প্রভাবে আগের দিনের বড় ধরনের মূল্যবৃদ্ধির পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও নিম্নমুখী হয়েছে। বাজার সংশ্লিষ্টদের নজর এখন সৌদি আরবের সরবরাহ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের মজুতের পরবর্তী তথ্যের দিকে। এসব বিষয়ের ওপরই আগামী দিনে আন্তর্জাতিক বাজারে তেলের দামের গতিপথ অনেকটা নির্ভর করতে পারে।
















